নেত্রকোনায় বাঁধ ভেঙে নয় হাওরে ফসলডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার তিনটি ফসল রক্ষা বাঁধ ভেঙে নয়টি হাওরে পানি ঢুকে পড়েছে। এতে এসব হাওরের বোরো ধান পানির নিচে চলে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শুক্রবার রাত ও গতকাল শনিবার ভোরে বাঁধগুলো ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা, খালিয়াজুরি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত তিন দিনে পাহাড়ি ঢলে ধনু নদী দিয়ে বয়ে আসা পানির প্রবল চাপে মেন্দিপুর ইউনিয়নের মিয়ার খালের বাঁধ, চাতলিয়া বেড়িবাঁধ ও খালিয়াজুরি সদরের লক্ষ্মীপুর বাঁধ ভেঙে গেছে। মিয়ার খালের বাঁধ ভেঙে দলা, আমগাছ তল, ফাল্গুনী, নোয়ারবন্দ, ডুলনী; চাতলিয়া বেড়িবাঁধ ভেঙে রোয়াইল ও লক্ষ্মীপুর বাঁধ ভেঙে গৌরা, শিবপুর ও বল্লভপুর হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ধান প্লাবিত গেছে। এসব হাওরের ৩০ ভাগ ধান এখনো কাটা বাকি বলে স্থানীয় কৃষকেরা দাবি করেছেন। বাঁধ ভাঙায় কৃষকেরা কাঁচা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।
জগন্নাথপুর এলাকায় ঝালখালি বাঁধটি গত শুক্রবার বিকেলে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে এলাকাবাসীর সহায়তায় বাঁধটি মেরামত করা সম্ভব হয়েছে। এ ছাড়া উপজেলার ৮৯টি হাওরের মধ্যে মায়েরচর, ঝালখালি, সতিয়া, কীর্তনখোলা, কৃষ্টপুর, পাইয়া, গঙ্গাবদর, চেলা, বাগানিসহ অন্তত ২০টি হাওরের বাঁধ হুমকির মধ্যে রয়েছে। দ্রুত বাঁধগুলো সংস্কার না করলে এবং এক থেকে দুই ফুট পানি বাড়লে যেকোনো সময় পানি ঢুকে হাওরের ফসল তলিয়ে যাবে।
স্থানীয় জনপ্রতিনিধি সূত্র জানায়, ফসল রক্ষা বাঁধগুলো ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে মাটি ফেলে মেরামত করা হয়। কিন্তু এ বছর প্রয়োজনীয় বরাদ্দ থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা অজুহাতে বাঁধগুলোর সংস্কারের কাজ শুরু হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান জানান, খাদ্যশস্য সুরক্ষা বাবদ গত মার্চ মাসের শেষ সপ্তাহে কাবিখার আওতায় ৫৬ মেট্রিক চাল বরাদ্দ হয়েছে। বিভিন্ন জটিলতায় তা ইউনিয়ন পর্যায়ে ভাগ করা সম্ভব হয়নি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকার বলেন, এই বাঁধ তিনটি পাউবোর আওতাধীন নয়। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় নিয়ে আপনার সঙ্গে পরে কথা হবে।