নেত্রকোনায় বাজারে আগুন, পুড়েছে ৫০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার লেপশিয়া বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

বাজারের ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে লেপশিয়া বাজারের পূর্ব গলিতে ব্যবসায়ী নূরুল ইসলামের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। এগুলোর মধ্যে রড, সিমেন্ট, মনোহারী, লেপ-তোশক, দরজি, কাপড়, স্টেশনারি, হার্ডওয়্যারসহ বিভিন্ন দোকান রয়েছে।
ওই ব্যবসায়ীরা বলেন, হাওরাঞ্চলে অবস্থিত ওই উপজেলায় কোনো দমকল স্টেশন না থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। বাজারের ব্যবসায়ী ও আশপাশের গ্রামবাসী শ্যালো ইঞ্জিনের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
খালিয়াজুড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিউল আজম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া মোহনগঞ্জ থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।