নেত্রকোনায় বাস খাদে পড়ে নিহত ১
নেত্রকোনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মো. ইসলাম উদ্দিন (৬৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর বাড়ি জেলার আটপাড়া উপজেলার ছয়াশি গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাঁদেরকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে নেত্রকোনা-মদন সড়কে আটপাড়া উপজেলার কাজানসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে মদনগামী যাত্রীবাহী বাসটি আটপাড়ার কাজানসি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৩ যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত ইসলাম উদ্দিনকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন বৃদ্ধ বাসযাত্রী নিহত হয়েছেন। বাসটি ও চালককে আটকের চেষ্টা চলছে।