নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গতকাল সোমবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয় এবং ১৮ দলীয় জোটের সমাবেশের জন্য নির্ধারিত মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।দলীয় ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (আজ) মোক্তারপাড়ার মহুয়া মিলনায়তনে কর্মী সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশের সব প্রস্তুতিও এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই স্থানে ছাত্র ও যুব সমাবেশ আহ্বান করে শহরে মাইকিং করে।বিএনপির নেতারা অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা রাত নয়টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহুয়া মিলনায়তনে গিয়ে বিএনপির সমাবেশের জন্য বানানো মঞ্চে আগুন ধরিয়ে দেন। পরে ছোটবাজারে জেলা বিএনপির কার্যালয়েও হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন তাঁরা।বিএনপির জেলা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন খান বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সমাবেশস্থলে হামলা চালিয়ে ছাত্র ও যুবলীগ ভাঙচুর ছাড়াও সমাবেশের মঞ্চে আগুন ধরিয়ে দেয়।’জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের সমাবেশ সফল করার লক্ষ্যে একটি মিছিল করেছি। কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়নি। এটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব।’