নেত্রকোনায় বেশি দামে সার বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় ডিলাররা সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও ভেজাল সার বিক্রি হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকার ডাই অ্যামোনিয়াম ফসফেটের (ডিএপি) দাম বস্তাপ্রতি এক হাজার ৩৫০, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) বস্তাপ্রতি এক হাজার ১০০ ও ইউরিয়া সার ৯৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সম্প্রতি বারহাট্টা উপজেলা সদর ও সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের বেশ কয়েকটি ডিলারের দোকান ঘুরে দেখা গেছে, তাঁরা ডিএপি এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। নেত্রকোনা জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই মাস আগ থেকে জেলায় ডিএপি ও টিএসপি সরবরাহ বন্ধ রয়েছে। সমপ্রতি ইউরিয়া কোনো কোনো ডিলার বেশি দামে বিক্রি ও এ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। বারহাট্টার গোপালপুর বাজারের এক ডিলারের কর্মচারী কমল জানান, ডিএপি সার বস্তাপ্রতি এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বারহাট্টায় শাহজাহান ও প্রাণেশ পালের দোকানে টিএসপি এক হাজার ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে শাহজাহান ও প্রাণেশ পাল বেশি দামে টিএসপি বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করেন, বাংলা টিএসপি সার বাজারে সরবরাহ না থাকলেও গত বছরের ভেজাল সার বস্তায় ভরে সেলাই করে বিক্রি করা হচ্ছে। এর মান ভালো নয়। হক মিয়া নামের এক কৃষক অভিযোগ করেন, পটাশ (লাল সার) রং দেওয়া। এই সারে কাজ হয় না। বাজারে এভাবে ভেজাল দিয়ে সার বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাব-ডিলার অভিযোগ করেন, ঠাকুরাকোনা বাজারের ডিলার মলয়ের দোকানে বাংলা ডিএপি এক হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানের কর্মচারীরা ইউরিয়া থাকলেও বলছেন নেই। প্রায়ই তাঁরা ক্রেতার কাছে ইউরিয়ার দাম বস্তাপ্রতি ৯৮৭ টাকা দাবি করছেন। ডিলার মলয় অতিরিক্ত দামে সার বিক্রি ও তাঁর দোকানে ইউরিয়া না থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এবার আমি ডিএপি সার বিক্রি করিনি। দুই মাস ধরে ডিএপি ও টিএসপি সার বিক্রি বন্ধ।’ বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ জানান, বারহাট্টা উপজেলায় পর্যাপ্ত সার মজুত আছে। কোনো ঘাটতি নেই। দাম বেশি নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন। জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, ‘সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ার বিষয়টি আমার জানা নেই। কোনো ডিলারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’