নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে এসিড নিক্ষেপ
নেত্রকোনা সদর উপজেলার কাজির আমাটি গ্রামের নজরুল কাজী নামের এক ব্যবসায়ীর শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে কাজির আমাটি বাজারে এ ঘটনা ঘটে। নজরুল কাজী বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া সেরে বাজারের দোকানে ঘুমাতে যাই। ঘুমের মধ্যে কে বা কারা সিরিঞ্জ দিয়ে শরীরে এসিড নিক্ষেপ করে। শরীরে জ্বালাযন্ত্রণা শুরু হওয়ায় আমার চিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত হাসপাতালে নিয়ে আসে।’এদিকে এসিড-সন্ত্রাসের খবর পেয়ে নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন হাসপাতালে ছুটে যান। তাঁরা আক্রান্ত নজরুলের খোঁজখবর নেন এবং তাঁকে উন্নত চিকিৎসা দিতে চিকিৎসকদের অনুরোধ করেন। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কারা, কী কারণে নজরুল কাজীর ওপর এসিড ছুড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। থানায় মামলা দিলে নেওয়া হবে।