নেত্রকোনায় ব্যাংক ডাকাতির অভিযোগ একজন গ্রেপ্তার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে সোনালি ব্যাংকের শাখায় ডাকাতির অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত ২৪ লাখের বেশি টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত দেড়টার দিকে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত দল লেপসিয়া বাজারে সোনালি ব্যাংকের শাখার কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে তারা ক্যাশিয়ার জাহেদ উদ্দিন ও নৈশপ্রহরী কিতাব আলীর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে ডাকাতেরা অস্ত্রের মুখে ব্যাংকের ব্যবস্থাপক মো. নূরুল ইসলামকে তাঁর লেপসিয়া বাজারের মসজিদ কোয়ার্টারের বাসা থেকে নিয়ে আসে এবং তাঁর (ব্যবস্থাপক) কাছ থেকে চাবি নিয়ে ভল্ট থেকে ২৪ লাখ ২৭ হাজার টাকা লুট করে। পরে গুলি ছুড়ে ডাকাতেরা পালিয়ে যায়। জাহেদ উদ্দিন ও কিতাব আলী ব্যাংকের কার্যালয়েই থাকতেন। জেলা প্রশাসক আনিস মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দার বাড়ি চানপুর গ্রাম থেকে মো. রিপুল মিয়া (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। খালিয়াজুরী থানার ওসি রমিজুল হক বলেন, মামলার প্রস্তুতি চলছে।