নেত্রকোনায় মানবতাবিরোধী অপরাধ মামলার ২ আসামি গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের মামলার দুই আসামিকে আজ মঙ্গলবার নেত্রকোনায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জেলা শহরের মোক্তারপাড়া এলাকার ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ওরফে ননী।
আজ সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি দল ওবায়দুর রহমান তাহেরকে তাঁর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান এবং আতাউর রহমানকে মোক্তারপাড়ার একটি বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজনই এলাকার মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তা হত্যা মামলার আসামি।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওবায়দুল হক ও আতাউর রহমানসহ কয়েকজন ১৯৭১ সালের ডিসেম্বরে (সেই সময়ের ২৬ রমজান, ২৮ কার্তিক) সদর উপজেলার বিরামপুর বাজার থেকে বদিউজ্জামান মুক্তারকে ধরে সারা দিন অমানুষিক নির্যাতন করেন। এর পরদিন (২৭ রমজান, ২৯ কার্তিক) জেলার মোক্তারপাড়া সেতুর নিচে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে গুলি করে হত্যা করেন। এ অভিযোগে বদিউজ্জামান মুক্তারের ভাতিজা আলী রেজা কাঞ্চন বাদী হয়ে ২০১০ সালের আগস্টে ওবায়দুল হক ও আতাউর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে নেত্রকোনা আদালতে মামলা করেন। বদিউজ্জামান পেশায় শিক্ষক ছিলেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ বলেন, যুদ্ধাপরাধের মামলায় ওবায়দুল হক ও আতাউর রহমানকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এদিকে আলী রেজা কাঞ্চন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার চাচা হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছি। এ সরকার ক্ষমতায় না থাকলে এ মামলা করতে পারতাম না। আমি চাই এরাসহ নেত্রকোনার সব যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক বিচার হোক।’