নেত্রকোনায় যাত্রী সেজে চালক সোলাইমানকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও বিচার
আইন ও বিচার

নেত্রকোনায় মাইক্রোবাসচালক মো. সোলাইমান মিয়া (৩১) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান এ রায় দেন।

নিহত মো. সোলাইমান মিয়ার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুমারখালি গ্রামের হাসান আলী (২৭), একই উপজেলার খাসমহল বালুচর গ্রামের আবদুল মালেক (২৫), নেত্রকোনার কলমাকান্দা থানার ব্যস্তপুর গ্রামের মো. মুন্না (২৬) ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদেড়চাপা গ্রামের সেলিম সরকার (২৪)। আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে রয়েছেন। আর খালাস পেয়েছেন সাবিনা ইয়াসমিন (২৩)। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্নার স্ত্রী।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মুহাম্মদ সাইফুল আলম জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শহরের নাগড়া মাইক্রো স্টেশন এলাকা থেকে আসামিরা গাজীপুর যাওয়ার জন্য সোলাইমানের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি সাত হাজার টাকায় ভাড়া করেন। চালক সোলাইমানের সঙ্গে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাঁর আপন ভাগনে একই গ্রামের নুরুল আমীনের সর্বশেষ কথা হয়। তিনি মুঠোফোনে জানান, গাজীপুরের শ্রীপুর জৈনা বাজারের একটি হোটেলে আট যাত্রীর সঙ্গে রাতের খাবার খাচ্ছেন। এরপর থেকে চালক সোলাইমানের আর কোনো সন্ধান না পেয়ে পরদিন সকালে তাঁর ভাগনে নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

ওই যাত্রীরা চালকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ পরদিন রাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে সোলাইমানের মুখ, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন মৃতদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় আটজনকে আসামি করে থানায় মামলা করা হয়। পুলিশ পরের বছর ২০১৪ সালের ২৬ মার্চ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।