নেত্রকোনায় যুদ্ধাপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী গ্রামের মুক্তিযোদ্ধা বিধান কুমার সরকার গতকাল বৃহস্পতিবার যুদ্ধাপরাধের অভিযোগে নেত্রকোনার বিচারিক হাকিম আদালতে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিচারিক হাকিম হুমায়ুন কবীর মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন। মামলার আসামিরা হলেন—হেদায়েত উল্লাহ, এনায়েত উল্লাহ, আবুল ফজল, কাঞ্চন মিয়া, ছোরাফ আলী, রঞ্জু মিয়া, জজ মিয়া ও তুলু মিয়া।আরজিতে বলা হয়, হেদায়েত উল্লাহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর নেত্রকোনার মদন থানার পাকিস্তানি বাহিনীর ক্যাম্প থেকে চার-পাঁচটি নৌকাযোগে বিধান সরকারের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা বিধানের বাড়িঘর জ্বালিয়ে দেন ও লুটতরাজ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সাফায়েত আহমেদ খান জানান, বিচারক মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।