নেত্রকোনায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াহারী গ্রামে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মইনুল হাসান নামের (৩২) এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে। মইনুল ওই গ্রামে তাঁর আত্মীয়বাড়িতে গিয়েছিলেন। তাঁর বাড়ি মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বানিয়াহারী গ্রামের এক যুবকের বিরুদ্ধে একই গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের আবুল হোসেনের বাড়িতে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিস বৈঠকে অন্যান্যের সঙ্গে আবুল হোসেনের আত্মীয় মইনুলও উপস্থিত ছিলেন। এ সময় ‘উত্ত্যক্তকারী’ ওই যুবকের সঙ্গে মইনুলের বাগিবতণ্ডা হয়। মইনুল বৈঠক শেষে আবুল হোসেনের বাড়িতে রাত যাপন করেন। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ওসি শেখ সালাহ উদ্দিন জানান, নারীসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।