নেত্রকোনায় শিক্ষকদের নিয়ে আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার নেত্রকোনা সার্কিট হাউস সমেঞ্চলনকক্ষে আলোচনা সভা হয়েছে। ‘শিক্ষার জন্য আমরা, শিক্ষকের পাশে আমরা’—স্লোগান সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং সিভিল সোসাইটি অ্যাডুকেশন ফান্ডের সহায়তায় এই আয়োজন করা হয়।সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বলেন, মানুষের সঙ্গে পশুর মূল পার্থক্যই এই যে, পশু জন্ম থেকেই পশু, আর মানুষ জন্ম থেকেই মানুষ নয়। মানুষ অমিত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। শিক্ষা ও অনুশীলনের মধ্য দিয়ে সেই সম্ভাবনাগুলোকে বিকশিত করে করে ক্রমে তাকে মানুষ হয়ে উঠতে হয়। অর্থাৎ মনুষ্যত্ব লাভের জন্য শিক্ষা হচ্ছে অপরিহার্য। স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কাজী ছহুল আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা প্রশাসক আনিস মাহমুদ, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান ভূঁঞা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন উন্নয়নকর্মী পল্লব চক্রবর্তী।