নেত্রকোনায় শিশু ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সী ভাতিজা কোকিলকে কুপিয়ে হত্যার দায়ে চাচা নীলু মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা জজ আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার কাইকুরিয়া গ্রামের আরজু মিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই নীলু মিয়ার পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৫ সালের ৯ মে দুপুরে আরজু মিয়া ও তাঁর স্ত্রী পাঁচ বছরের সন্তান কোকিলকে বাড়িতে রেখে কাছেই ধান শুকাতে যান। এই সুযোগে নীলু মিয়া ভাতিজা কোকিলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ব্যাপারে নিহতের বাবা আরজু মিয়া ওই দিনই ভাইকে আসামি করে মদন থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই আদালতে চূড়ান্ত অভিযোগ দাখিল করে। বিচারক ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আইনজীবী সুভাষ বণিক অজয়। আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নূরুজ্জামান নূরু।