নেত্রকোনায় সংঘর্ষে আহত ৫০
নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর এলাকার বনুয়াপাড়া মদন-কেন্দুয়া বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা পরিবহনশ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, নেত্রকোনা শহরের অদূরে বালী নামক স্থানে সাইড দেওয়াকে কেন্দ্র করে পারভেজ নামের এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে একটি বাসের ভাড়া আদায়কারীর বাগিবতণ্ডা হয়। এ সময় বাসের চালক ওই মোটরসাইকেল আরোহীকে মারধর করেন। এর কিছুক্ষণ পর পারভেজের নেতৃত্বে ৩০-৪০ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এ ঘটনার পর শতাধিক পরিবহনশ্রমিক লাঠিসোঁটা নিয়ে বাস ও ট্রাকে চড়ে স্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করে।সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় গেলে পরিবহনশ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ লাঠিপেটা করলে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশের তিনজন উপপরিদর্শকসহ ১৫ পুলিশ আহত হন। তাঁরা হলেন: উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন, রুস্তম আলী ও মোস্তফা এবং কনস্টেবল ফিরোজ, সেলিম, হুমায়ূন, বাশার, জাহাঙ্গীর, ইমরান, শরীফ, স্বপন, আসলাম, হাবিবুল্লাহ, সোহেল ও আজাদ। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ তিনজন পরিবহনশ্রমিককে আটক করে।সংঘর্ষে আহত ইকবাল, রমজান, রতন ও লাল মিয়া নামের চার ব্যক্তিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের নেত্রকোনা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।