নেত্রকোনায় সংঘর্ষে বাবা-ছেলে খুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পলাশগড়া গ্রামে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলে খুন হয়েছেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পলাশগড়া গ্রামের বিল্লাল হোসেন (৪৮) ও তাঁর ছেলে মো. আলামিন (২৫)।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে জমির পানি ছাড়াকে কেন্দ্র করে বিল্লাল ও আলামিনের সঙ্গে একই গ্রামের হারুনসহ কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে বিল্লাহ ও আলামিনকে কোপায় ও লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত মো. হানিফ, আইনুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে জমির বাঁধ কেটে পানি ছাড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলেও উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হুসাইন জানান, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।