নেত্রকোনায় সাড়ে চার হাজার হেক্টর জমির ধান পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার মোহনগঞ্জের একটি ও খালিয়াজুরির ১০টি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। হুমকির মুখে পড়েছে খালিয়াজুরির আরও ১২টি বাঁধ। এ ছাড়া জেলার কলমাকান্দা ও দুর্গাপুরে বেশ কয়েকটি ইউনিয়নে বৃষ্টির কারণে খেতের ফসল পানির নিচে রয়েছে। জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আজ রোববার বিকেল পর্যন্ত চারটি উপজেলা মিলে অন্তত সাড়ে চার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে রয়েছে। এতে দিশেহারা হয় পড়েছেন কৃষক।

জনপ্রতিনিধি ও এলাকার কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চরম গাফিলতির কারণে বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে। তবে পাউবোর পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
খালিয়াজুরি উপজেলার ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর ইউনিয়নের চুনাই বাঁধ, গাজিপুর ইউনিয়নের ধৈলং বাঁধ, মাকলাইন বাঁধ, হরিপুর বাঁধ, নালুয়ার বাঁধ, মেন্দিপুর ইউনিয়নের আশাখালি বাঁধ, নাওটানা স্লুইসগেট বাঁধ, চাকুয়া ইউনিয়নের গঙ্গাবদর বাঁধসহ ১০টি বাঁধ ভেঙে সংশ্লিষ্ট হাওরে পানি ঢুকতে শুরু করছে। পানির চাপ বেড়ে আজ দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই বাঁধগুলো ভাঙে। এতে করে সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন জানায়, পানিপ্রবাহের চাপ অব্যাহত থাকলে ও উপজেলার ঝুঁকিপূর্ণ আরও বেশ কয়েকটি বাঁধ দু-তিন দিনের মধ্যে মেরামত না করা হলে খালিয়াজুরির প্রায় ৫০ হাজার একর জমির ফসলই পানিতে তলিয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এ ফসল রক্ষা বাঁধের মধ্যে রয়েছে ঝালখালির বাঁধ, কীর্তনখোলা বাঁধ, পাইয়া বাঁধ, আশালিয়াকুড়ির বাঁধ, চতিয়া বাঁধ, মায়ারচর বাঁধ, গঙ্গাবদর বাঁধ, মালিহাতা বাঁধ, চুনাই বাঁধ, নামা চুনাই বাঁধ, গুরস্তানের নামা বাঁধ ও বয়রা বাঁধ। ওই সব বাঁধের কয়েকটিতে পাউবোর মাটি ভরাটের মাধ্যমে সংস্কার প্রকল্প কাজ হাতে নিলেও তাতে ঠিকমতো কাজ করেনি। আর স্থানে স্থানে অল্প করে মাটি ফেললেও বাঁধের কাছ থেকে মাটি কাটায় বৃষ্টির পানিতে ওই গর্তেই মাটি চলে গেছে।
নেত্রকোনা জেলা পরিষদ সদস্য ও খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক বলেন, এ উপজেলায় পাউবোর কাজে এ বছর বাঁধে বরাদ্দের চার ভাগের এক ভাগ কাজও তারা করেননি। সময়মতো ও সঠিক নিয়মে তারা কাজ না করায় এখানকার সব কটি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের বাঁধগুলো টিকিয়ে রাখতে হচ্ছে। প্রতিবছরই পাউবো এমন করে থাকে। তা দেখার যেন কেউ নেই।
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ উপজেলায় পাউবো কোথায় কত টাকার কাজ, কীভাবে করছেন, তা আমি জানি না। আইনগত দুর্বলতায় তাতে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তারা কাজই শুরু করেছে জানুয়ারির শেষ সপ্তাহে। আমার কাছে ওই মাসের ১৯ তারিখ যখন ফাইল আনল, তখন আমি বলেছিলাম, এটি তো অক্টোবর থেকে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে শেষ করার কথা।’ তিনি আরও বলেন, তদারকির জন্য নেত্রকোনা পাউবোর কাছে এসব তথ্য বারবার চাইলেও তারা তা দেয়নি। তা ছাড়া, প্রকল্প স্থানে তারা কাজের বিবরণ, কাজের মেয়াদকাল ও বরাদ্দের পরিমাণ জানিয়ে সাইন বোর্ড ব্যবহার না করে কাজের ব্যাপারে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীকে দিচ্ছেন শুভংকরের ফাঁকি।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের মুঠোফোনে বলেন, ‘১০টি উপজেলায় কাজ করতে হয়। একটিমাত্র উপজেলায় তো সব বরাদ্দ দেওয়া যায় না।’ তিনি বলেন, প্রকল্প নিয়ম মেনেই এবং যথাসময়ে করা হয়েছে। এতে কোনো ব্যত্যয় হয়নি।

উপজেলার খারনৈ ইউনিয়নের খাগগড়া, লক্ষ্মীপুরসহ পাঁচটি গ্রাম, লেংগুড়া ইউনিয়নের জিগাতলা, রাজনগরসহ ছয়টি গ্রাম, রংছাতি ইউনিয়নের সাতটি ও নাজিরপুর ইউনিয়নের তিনটি গ্রামের নিচু অঞ্চলের ধানখেতে পানি জমে আছে।

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টিপাতে কারণে এলাকা প্রায় ৫০০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। তবে আর বৃষ্টি না হলে পানি নদীতে নেমে গেলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে।

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে প্রায় ৪০০ হেক্টর ফসলি জমি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। রোববার থেকে কিছুটা কমতে শুরু করেছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিলাস চন্দ্র পাল বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় কয়েকটি ইউনিয়নে বেশ কিছু জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আর মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলায় কয়েকটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে অব্যাহত বর্ষণ ও গত শনিবার থেকে সঙ্গে পাহাড়ি ঢলে মোহনগঞ্জের চর হাইজদা ফসল রক্ষা বাঁধ গত শনিবার রাত ভেঙে গেছে।