নেত্রকোনায় সেতু নির্মাণের ছয় বছরেই যান চলাচলের ঝুঁকি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উব্দাখালি নদীর ওপর মাত্র ছয় বছর আগে নির্মিত সেতুটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর পরও সেতুটির ওপর দিয়ে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলছে। বিপৎসংকেত না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার সেতুটির এই দুরবস্থার কারণ বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সড়ক ও জনপথ কার্যালয় সূত্র জানায়, ঢাকার গ্রিনল্যান্ড প্রমোটর সার্ভিস লিমিটেড, পিটিএসএলএসকো জেবি, পারিশা ট্রেড সিস্টেম লিমিটেড ও শাহজাহান আলী নামের নির্মাণপ্রতিষ্ঠান কয়েকটি ধাপে সেতুটির নির্মাণকাজ শেষ করে। ২০০৬ সালে কাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় চার কোটি ৫৬ লাখ টাকা। যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার মাত্র ছয় বছরের মধ্যে এটি অচল হতে বসেছে। সরেজমিনে দেখা গেছে, কলমাকান্দা-নেত্রকোনা, কলমাকান্দা-দুর্গাপুর সড়কে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ২১৬ দশমিক ৪৪ মিটার দৈর্ঘ্য ও ৩৭ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতুটির ওপরের অংশের ঢালাই উঠে যাচ্ছে। দুই প্রান্তের সংযোগ সড়ক ভেঙে পড়ছে। এতে সরু হয়ে আসছে রাস্তা। দুই বছরের বেশি সময় ধরে এই দুরবস্থা বলে স্থানীয় লোকজন জানায়।কলমাকান্দা বাজারের ব্যবসায়ী খন্দকার মোস্তাক আহম্মেদ অভিযোগ করেন, ‘সেতুটির নির্মাণকাজ খুব নিম্নমানের হয়েছে। সিমেন্ট ও বালু ভালোভাবে না মেশায় ঢালাই উঠে যাচ্ছে। সেতুর কাজে সিমেন্ট দিয়েছে বলে মনেই হয় না। সংযোগ সড়কও দুই বছরের বেশি সময় ধরে ভাঙছে।’ স্কুলশিক্ষক রফিকুল ইসলাম বলেন, এই সেতু দিয়ে বাস, ট্রাক, লরি, অটো, টেম্পোসহ প্রতিদিন সহস্রাধিক যানবাহন চলাচল করে। সেতুর ঢালাই দিন দিন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে মনে হয় না এটি বেশিদিন টিকবে। সেতুটির এখন যে দুরবস্থা, এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, অথচ কোনো বিপৎসংকেত ঝোলানো হয়নি। ট্রাকচালক মহসিন বলেন, ‘লোড করা গাড়ি নিয়া যাইতে ভয় অয়। যেকোনো সময় গাড়ি নদীতে যাইতে পারে। জায়গাটা দ্রুত মেরামত করা দরকার।’ নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার দে বলেন, ‘সেতুর ওয়ারিং কোর্সের সঙ্গে সঙ্গেই ঢালাই দিতে হয়। এখানে যোগ দেওয়ার পর শুনেছি ছয় মাস পর সেতুটির ঢালাই দেওয়া হয়েছে। এ জন্য সিমেন্ট ও বালুর ঠিকমতো বন্ড হয়নি।’ সংযোগ সড়ক ভেঙে পড়া প্রসঙ্গে তিনি বলেন, এটা ভালো করে মেরামত করতে হবে। এ জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।