নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামের একজন স্কুলশিক্ষার্থী গত রোববার ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার এক ব্যক্তির স্টুডিওতে হামলা ও তাঁর গোয়ালঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, উপজেলার বাউশি বাজারের একটি স্টুডিওতে গত রোববার সকাল সাড়ে নয়টায় ওই শিক্ষার্থী (১৩) ছবি ওঠাতে যায়। এ সময় স্টুডিওর কর্মচারী ফরিদ আহম্মেদ (৩৫) তাঁকে ধর্ষণ করেন। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ঘটনার পর মেয়েটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষিকা শম্পা আক্তারের কাছে এ বিষয়ে অভিযোগ করে। তিনি প্রধান শিক্ষককে তা অবহিত করেন। প্রধান শিক্ষক ফারুখ আহমেদ বিষয়টি মেয়েটির অভিভাবককে জানান।এদিকে, ধর্ষকের বিচার চেয়ে গতকাল বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা ফরিদের ওই ব্যক্তির স্টুডিওতে ভাঙচুর চালায় এবং তাঁর গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়।এ বিষয়ে বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির দাদা থানায় মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।