নেত্রকোনায় স্পিরিট পানে দুজনের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রেকটিফায়েড স্পিরিট পান করে গত বৃহস্পতিবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলা সদরের পূর্ব বাজার এলাকার সুধন মাঝির ছেলে রঞ্জন সাহা (৩৪) ও মৃত আবদুল করিমের ছেলে জামাল উদ্দিন (৩২)।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানান, পূর্ব বাজারের একটি চাতালের পাশে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামাল উদ্দিন ও রঞ্জন সাহা রেকটিফায়েড স্পিরিট পান করেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে তাঁদের নিয়ে রওনা করা হয়। পথে রঞ্জন সাহার মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে জামাল উদ্দিন মারা যান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তাঁরা দুজনই মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।