নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি এলাকায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে কান্দুলিয়া কালীবাড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রাম থেকে মোহনগঞ্জগামী পালকি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ প্রথম আলোকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বাসযাত্রীরা চালকের বিরুদ্ধে অভিযোগ করেন, চালক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।