নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালিবাড়ি এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের সোলেমান (২৬), জারিয়া গ্রামের স্বপন (২৮), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের এখলাছুর রহমান (২৮) ও রাজন (২৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে মোহনগঞ্জগামী পালকী পরিবহনের একটি বাস সকাল সাতটার দিকে ওই এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলসহ ওই চার আরোহী বাসের নিচে চাপে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এলাকার কয়েকজন জানান, ওই চারজন মোহনগঞ্জের বিরামপুরে যাত্রা দেখার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় একত্রে বের হন। সেখান থেকে গতকাল সকালে বাড়ি ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ গতকাল বিকেলে জানান, বাসটি আটক রয়েছে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।