নেত্রকোনায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
নেত্রকোনার সদর উপজেলার বিএনপির কর্মী আহের উদ্দিন ওরফে তাহের উদ্দিন (৪৫) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার দুপুরে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আবু তালিব (৪৮), আবদুর রাজ্জাক (৩৫), সিদ্দিক মিয়া (৪৫) ও স্বপন (২৮)। একই গ্রামের সাহাবুদ্দিন ওরফে সাহানুর (৩০) খালাস পেয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাহের উদ্দিনের সঙ্গে সিদ্দিক মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধের জের ধরে ২০০১ সালের ২৫ মে রাতে গ্রামের মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় আবু তালিবের নেতৃত্বে কয়েকজন তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাহের মারা যান। ওই ঘটনায় তাঁর স্ত্রী সাহেরা বেগম আবু তালিব, আবদুর রাজ্জাক, সিদ্দিক মিয়া, স্বপন, সাহাবুদ্দিনসহ ১৪ জনকে আসামি করে নেত্রকোনা সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৫ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। উভয় পক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক গতকাল ওই রায় দেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল আলম।