নেত্রকোনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় একটি হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারি লক্ষ্মীপুর গ্রামের সত্যবান হাজংকে (৩০) হত্যার দায়ে দণ্ড পাওয়া চারজন হলেন ধীরেশ সাংমা (৪৮), রহিম উদ্দিন (৪৫), সুরুজ মিয়া (৪০) ও কাজিম উদ্দিন (৩৫)। তাঁদের সবার বাড়ি একই এলাকায়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সত্যবান হাজংয়ের সঙ্গে আসামিদের পূর্ববিরোধ চলছিল। ২০০৬ সালের ২৩ এপ্রিল বিকেলে সত্যবান হাজংকে মারধর ও জখম করেন আসামিরা। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহত ব্যক্তির বাবা তুশিল হাজং (৫৬) চারজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আজ রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষেÿমামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) কমলেশ কুমার চৌধুরী। আসামিপক্ষে ছিলেন পীযূষ কুমার সাহা।