নেত্রকোনায় হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাঝিপাড়া গ্রামের গাজীবুর রহমান (৩৫) হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন গৌরীপুর উপজেলার মুকুরিয়া গ্রামের আবদুল বারেক, লামাপাড়ার নায়েব আলী, খানদার গ্রামের আবদুর রশিদ ব্যাপারী, মেছিডিংগির নায়েব আলী, মহিসরণের কাদির ও ময়মনসিংহ সদর উপজেলার হাবুল মিয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গাজীবুর ও সাজাপ্রাপ্তরা এলাকায় চুরি-ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০০১ সালের ২২ জুলাই আসামিরা ডাকাতির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে গাজীবুরকে হত্যা করে পূর্বধলার মহিষবেড় গ্রামে ফেলে যান। ২৬ জুলাই পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার সাহা বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক গতকাল ওই রায় দেন।