নেত্রকোনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নেত্রকোনায় কায়েশ চৌধুরী নামের এক কৃষককে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের হাবিবুর রহমান ওরফে খসরু (৪৫), তাঁর ভাই কামরুজ্জামান ওরফে কামরু (৪০) এবং একই গ্রামের গোলাম ফারুক ওরফে তানভীর (৪২)। তাদের মধ্যে হাবিবুর রহমান পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের কায়েশ চৌধুরীর (৩৫) সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের হাবিবুর রহমানের বিরোধ ছিল। বিরোধের জের ধরে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি খুন হন কায়েশ। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মানিক চৌধুরী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৬ জনকে খালাস দেন।