নেত্রকোনায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আবুল কাশেম (৫০) হত্যা মামলার আসামি এরশাদ ও নুরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত এরশাদ নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর গ্রামের আবদুর রহমানের ছেলে। নুরুল একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে তাঁরা ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা এলাকার কাশেম কলোনির আবুল কাশেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের অন্ধকারে হত্যা করে গ্রামের ধানখেতে পুঁতে রাখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।