নেত্রকোনায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার মাচেহালা গ্রামের কাজল চন্দ্র সরকারকে (৩৫) হত্যার দায়ে একই গ্রামের রূপণ চন্দ্র সরকারকে (১৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। তবে রূপণ পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, মাচেহালা গ্রামের সজল চন্দ্র সরকারের সঙ্গে একই গ্রামের স্বপন চন্দ্র চক্রবর্তীর জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি স্বপন প্রতিবেশী আছাব উদ্দিনকে দিয়ে সজলের বাঁশঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে আসেন। এ ব্যাপারে সজলের ছোট ভাই কাজল ও উজ্জ্বল বাঁশ কাটার কথা জানতে স্বপনের বাড়িতে যান। এ নিয়ে একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং তাঁরা বাঁশটি জোরপূর্বক তাঁদের বাড়িতে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর স্বপন তাঁর তিন ছেলে রূপণ, স্বদেশ ও সুভাষকে নিয়ে সজলের বাড়িতে গিয়ে কাজলের গলায় কোপ দেন। আশঙ্কাজনক অবস্থায় কাজলকে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাজলের বড় ভাই সজল বাদী হয়ে ওই দিনই বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বপন চক্রবর্তী ও তাঁর তিন ছেলেকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৯ এপ্রিল সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আসামি রূপণের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।