নেত্রকোনায় হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন
নেত্রকোনায় আবদুছ ছালাম হত্যা মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের আবদুল হক, আবদুর রহমান, মো. ছাত্তার, মো. মোস্তফা, সফিকুল ইসলাম, মো. আবু জাহেদ, আবু সায়েম, নান্দু মিয়া, নাগেরগাতি গ্রামের আবদুস কদ্দুছ, জাহেদ মিয়া, ছোয়াব মিয়া. আবদুল হাই, তৌফিল মিয়া, শহিদ মিয়া ও বিলাসপুর গ্রামের ফজল মিয়া।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০১ সালের ১২ নভেম্বর ছালাম তাঁর ধানখেতে গেলে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ছালামের চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরের দিন বিকেলে ছালাম সেখানে মারা যান।
পরে ওই দিনই ছালামের চাচা রমজান আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ১২ এপ্রিল চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন নাসির উদ্দিন এবং বাদীপক্ষে সাইফুল আলম।