নেত্রকোনায় হত্যার দায়ে একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলা গ্রামের ফজলুল করিমের কলেজপড়ুয়া মেয়ে খাদিজা আক্তারকে (১৯) হত্যার দায়ে একজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা দায়রা জজ (চলতি দায়িত্ব) মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
ফাঁসির রায় দেওয়া হয়েছে খিলা গ্রামের পলাশ খাঁকে (২২)। তাঁর চার সহযোগী নজরুল (৩৫), কামরুল (২৮), সজিব (২৫) ও শাহ আলমকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, খাদিজা ও পলাশের প্রেমের সম্পর্ক ছিল। পলাশ লেখাপড়া জানতেন না। খাদিজা এইচএসসি পাস করলে তাঁদের সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। একপর্যায়ে পলাশকে খাদিজা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর নজরুল, কামরুল, সজিব ও শাহ আলমের সহযোগিতায় পলাশ খাদিজার শরীরের আট জায়গায় ছুরিকাঘাত করে তাঁকে বাড়ির সামনের পুকুরে ফেলে দেন। এ সময় পলাশও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পলাশের অন্য সহযোগিরা পালিয়ে যান। আশপাশের লোকজন পলাশকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে তাঁর পরিবারের সদস্যরা আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফজলুল করিম ওই দিনই আটপড়া থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ২০ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি জি এম খান পাঠান বিমল ও এপিপি সাইফুল আলম। আসামিপক্ষে ছিলেন মো. জসিম উদ্দিন তালুকদার।