নেত্রকোনায় হত্যার দায়ে দুই সহোদরের যাবজ্জীবন
নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আনফর আলী হত্যা মামলায় রায়ে দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আজ সোমবার এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন বিচিপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে সোহেল ও জুয়েল। সোহেল পলাতক। মামলা চলার সময় হাছেন আলীর মৃত্যু হওয়ায় আদালত তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার আনফর আলীর সঙ্গে হাছেন আলী ও তাঁর ছেলেদের শত্রুতা চলছিল। এরই জের ধরে গত ২০০৩ সালের ৭ এপ্রিল আনফর আলী খুন হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হাছেন আলী, তাঁর ছেলে সোহেল ও জুয়েলকে আসামি করে ওই বছরের ৯ এপ্রিল নেত্রকোনা থানায় হত্যা মামলা করেন।