নেত্রী বলেছেন, এনসিটির দরপত্র আইন অনুযায়ী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র আইন অনুযায়ী হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বিকেলে নগরের লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় এ কথা জানান নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।মহাজোট সরকারের চট্টগ্রাম উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। জনসভায় সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘অন্যায়কারীরা ছলে বলে কৌশলে চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র করছে। সাবেক নৌসচিব (আবদুল মান্নান হাওলাদার) আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। নেত্রী সেই সচিবকে বদলি করেছেন। নেত্রী বলেছেন, আইন অনুযায়ী সব হবে। ‘আমি এর অপেক্ষায় আছি।’সাইফ পাওয়ার টেককে অযোগ্য প্রতিষ্ঠান ঘোষণার দাবি জানিয়ে মহিউদ্দিন বলেন, মাফিয়ারাই চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে রেখেছে। সাইফ পাওয়ার টেক কার্যাদেশ পেলে চক্রান্তের মাধ্যমে বন্দরকে জিম্মি করে রাখবে। জনসভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, মাফিয়া চক্রের ষড়যন্ত্রের কারণেই আফসারুল আমীনকে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন।জনসভায় উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কামালউদ্দিন আহাম্মদ বলেন, সাইফ পাওয়ার টেকের মালিক হাওয়া ভবনের তারেক জিয়ার অংশীদার। এসব লোকদের বন্দরের দায়িত্ব দেওয়া হলে তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে জঙ্গিবাদের ঘাঁটি বানাবে।জনসভা চলাকালে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’-এর পক্ষ থেকে একটি ঘোষণাপত্র বিলি করা হয়। জনসভায় এই ঘোষণাপত্র পাঠ করেন বন্দর শ্রমিক নেতা ওয়াহিদুল্লাহ সরকার। জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল কুমার সরকার, নঈম উদ্দিন চৌধুরী, মাহতাব উদ্দিন চৌধুরী, এ কে এম বেলায়েত হোসেন, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান ও যুগ্ম সম্পাদক আবদুল আহাদ, যুবলীগের সভাপতি চন্দন ধর প্রমুখ।