নেদারল্যান্ডসে চুরি করে ধরা পড়া কূটনীতিকের দণ্ড
নেদারল্যান্ডসে চুরির সময় হাতেনাতে ধরা পড়া কূটনীতিক শিশির মাহবুব শহীদের শিক্ষানবিশ পর্যায় শেষ হচ্ছে না। শাস্তি হিসেবে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফরেন সার্ভিস একাডেমিতে ১০ মাসের প্রশিক্ষণ শেষে তাঁর শিক্ষানবিশ পর্ব শেষ হওয়ার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান, নেদারল্যান্ডসের রাজধানী হেগের বৈদ্যুতিক সরঞ্জাম চুরির বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই তাঁকে একাডেমি থেকে মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়েছে।
অভিযুক্ত শিক্ষানবিশ কূটনীতিক শিশির মাহবুব শহীদ বহিষ্কৃত বা চাকরিচ্যুত হবেন কি না, এ সম্পর্কে দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি।
সম্প্রতি একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে শিশির মাহবুব শহীদ ৯ সহকর্মীসহ নেদারল্যান্ডসে যান। গত ফেব্রুয়ারিতে চুরির সময় স্থানীয় পুলিশের হাতে তিনি ধরা পড়েন। এ সময় শিশির মাহবুব পুলিশের কাছে স্বীকার করেন, তাঁর কয়েকজন সহকর্মী এর আগে এ ধরনের অপকর্ম করলেও ধরা পড়েননি। এটি তাঁকে এ ধরনের অপরাধ করতে উত্সাহিত করেছে। পরে ৩৫০ ইউরো জরিমানা দিয়ে তিনি ছাড়া পান।
ওই ঘটনার পর নেদারল্যান্ডস বাংলাদেশের কাছে এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করে। কারণ, শিশির মাহবুব স্বীকার করেছেন, তাঁর সঙ্গীরা ওই ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িত ছিলেন। নেদারল্যান্ডসের আইন অনুযায়ী আটক ব্যক্তি শাস্তি পেলেও তাঁর আচরণ ডাচ সরকারকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। কেননা শিক্ষানবিশ ওই কূটনীতিকদের জন্য নেদারল্যান্ডসের সব খরচ বহন করেছে ডাচ সরকার।