নেদারল্যান্ডসের আলুর মাঠ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
ফাইল ছবি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক গতকাল সোমবার সকালে নেদারল্যান্ডসের ইমেলুর্ডে শিল্পে ব্যবহারোপযোগী ও রপ্তানিযোগ্য জাতের আলু উৎপাদনের মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনে আলুর বীজ উৎপাদন এবং আলুর বীজের গুণাগুণ নির্ণয় ও সত্যায়নসংক্রান্ত ল্যাবরেটরি পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আলু উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। কিন্তু বাজারজাতকরণে সমস্যা রয়েছে। শিল্পে ব্যবহারোপযোগী ও রপ্তানিযোগ্য জাতের আলু চাষ করতে পারলে এ সমস্যা কেটে যাবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

একই দিন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রী হ্যাঙ্ক স্টেগোভারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে কৃষিপ্রযুক্তি খাতে সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ দূতাবাস থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স নওরিদ শারমিন উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠককালে ডাচ কৃষিমন্ত্রী হেগে অ্যাগ্রি-বিজনেস কনক্লেভ এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য বাংলাদেশের কৃষিমন্ত্রীকে অভিনন্দন জানান।

ডাচ কৃষিমন্ত্রী হ্যাঙ্ক স্টেগোভারের বলেন, এর ফলে নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থী ও ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশের সংস্কৃতি ও কৃষিপণ্য উৎপাদন এবং পণ্যের ব্যপ্তি ও বহুবিধ ব্যবহার সম্পর্কে জানতে পারছে।

এ সময় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ডাচ কৃষিমন্ত্রীকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দ্য হেগে ডাচ কৃষি মন্ত্রণালয়ের অংশীদারত্বে সফলভাবে আয়োজিত অ্যাগ্রি বিজনেস কনক্লেভ এবং অংশগ্রহণকারী ডাচ অ্যাগ্রো বিজনেস কোম্পানিগুলো সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে মো. আব্দুর রাজ্জাক ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক সম্পর্কে ডাচ কৃষিমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, গত এক দশকে বাংলাদেশ কৃষি উৎপাদনে উল্লেখযোগ্যভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চালসহ কিছু প্রধান খাদ্যশস্য, শাকসবজি, মৎস্য উৎপাদন ও প্রাণিসম্পদ ইত্যাদি উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী শীর্ষ দশে রয়েছে।

কৃষিমন্ত্রী জানান, কৃষিকে জলবায়ু-সহনশীল করা, রাসায়নিক সার ও পানির ব্যবহার কমানো, ডিজিটালাইজড উৎপাদন ও বণ্টন, কৃষি-লজিস্টিক খাতকে উন্নত করার ক্ষেত্রে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনার আওতায় দীর্ঘমেয়াদি গবেষণা ও পরিবর্তন আনতে নেদারল্যান্ডসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। মন্ত্রী ডাচ কৃষি-ব্যবসা এবং কৃষিপ্রযুক্তি বাংলাদেশে আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তাঁর সমর্থন ব্যক্ত করেন।

শিল্পে ব্যবহারোপযোগী ও রপ্তানিযোগ্য বেশ কিছু জাতের আলু ইতিমধ্যে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে আনা হয়েছে, যেগুলোর পরীক্ষামূলক আবাদ শেষ হয়েছে এবং এখন কৃষক পর্যায়ে নেওয়ার কাজ চলমান আছে।