নেদারল্যান্ডসের রানি তিন দিনের সফরে বাংলাদেশে

তিন দিনের সফরে গতকাল সোমবার বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট-বিষয়ক বিশেষ দূত হিসেবে এ সফরে এসেছেন তিনি। খবর ইউএনবির।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রানি ম্যাক্সিমা। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
আর্থিক প্রক্রিয়ায় সব মানুষের অন্তর্ভুক্তি নিয়ে বৈশ্বিক উদ্যোগের বিষয়ে বাংলাদেশে জনসচেতনতা সৃষ্টির জন্য রানি ম্যাক্সিমা এই সফরে এসেছেন। ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন জোরদার, নারীর ক্ষমতায়নসহ অন্যান্য উন্নয়ন লক্ষ্য অর্জনে আর্থিক সেবায় সবার অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে রানি ম্যাক্সিমা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রানি ম্যাক্সিমা। পাশাপাশি তিনি ব্যাংক ও ক্ষুদ্রঋণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। এ ছাড়া নিম্ন আয়ের মানুষ বিশেষ করে পোশাক খাতের কর্মীদের—যাদের বেতন-ভাতা দেওয়া হয় ডিজিটাল পদ্ধতিতে, তাদের অভিজ্ঞতা জানতে ঢাকার বাইরে কয়েকটি স্থান পরিদর্শন করবেন রানি ম্যাক্সিমা।