নেদারল্যান্ডের সহায়তা প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী খনন, ভূমি উদ্ধার, বাঁধ নির্মাণ, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন কর্মসূচিতে নেদারল্যান্ডের সহায়তা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নেদারল্যান্ডের সফররত উন্নয়নমন্ত্রী বেন কেনাপেন গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান। খবর বাসসের।বৈঠকের পর টেকসই ব-দ্বীপব্যবস্থাপনায় কৌশলগত অংশীদারির জন্য বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এর প্রস্তুতি, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষার পাশাপাশি সংবাদপত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন স্বাধীনভাবে কাজ করছে।প্রধানমন্ত্রী ডাচ্ মন্ত্রীকে বলেন, বাংলাদেশ ন্যায়সংগতভাবে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন কর্মসূচিতে ব্যাপক হারে আন্তর্জাতিক সমর্থন এবং প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রত্যাশা করে। ৩১০টি নদ-নদীবিধৌত বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার নাব্যতা বৃদ্ধি ও বন্যা প্রতিরোধে ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্প (মেগা প্রজেক্ট) হাতে নিয়েছে। শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বিগত সাড়ে তিন বছরে এসব সামাজিক অপরাধ কঠোর হাতে দমন করা হয়েছে।বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ও নেদারল্যান্ডের পক্ষে উন্নয়নমন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন।এ ছাড়া পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ: পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাংসদ বীর বাহাদুর ও জ্যোতিন্দ্র লাল ত্রিপুরা গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাংসদেরা তাঁদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।