ডেইলি স্টার ও আইপিডিসি নীরবে, নিভৃতে কাজ করা সাত নারীকে গতকাল সম্মাননা দেয়
নেপথ্য-কারিগরদের সম্মাননা

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাহসী ভূমিকা ও উদ্যোক্তা—এই পাঁচ ক্যাটাগরিতে নীরবে, নিভৃতে কাজ করা সাতজন শ্রেষ্ঠ নারীকে সম্মাননা দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ শীর্ষক অনুষ্ঠানে এই নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। সম্মাননাপ্রাপ্ত নারীদের প্রত্যেককে ক্রেস্ট ও দুই লাখ টাকা দেওয়া হয়েছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে সাত নারীর সংক্ষিপ্ত অবদান ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরা হয়।
সম্মাননাপ্রাপ্ত নারীদের মধ্যে মানিকগঞ্জের সোনাজান আক্তার ৫০ বছর ধরে শুধু নিজের গ্রাম নয়, আশপাশের প্রায় ৫০টি গ্রামে ধাত্রী হিসেবে সন্তান প্রসব করানো এবং প্রসবের পর নবজাতকের সেবাযত্ন করছেন। কোনো নারী মারা গেলে লাশ ধোয়ানোরও কাজ করেন তিনি। তবে এসব কাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না। সোনাজান বললেন, ‘মানুষের বিপদ দেখলে বইস্যা থাকতে পারি না, এই কামে রাইত আর দিন নাই।’
ইরানি বাড়ৈ মাত্র ২৯ বছর বয়সে জটিল এক অসুখে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। বর্তমানে হুইলচেয়ারে বসে তিনি জ্যেষ্ঠ নার্স হিসেবে কাজ করছেন নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। ফাতেমা বেগম দেশের প্রথম নারী হিসেবে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ প্রশাসনে যোগ দেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের প্রথম নারী, যিনি অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাত্র তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো রোকেয়া বেগম ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। জয়পুরহাটের মেফতাহুল জান্নাত গ্রামে সৌরবিদ্যুতের প্যানেলের ব্যবসা করে যে আয় হয়, তা দিয়ে প্রায় দেড় শ ছিন্নমূল শিশুকে বিনা মূল্যে পড়াচ্ছেন।
ভাগ্য রাণী বণীক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে-বিদেশে তাঁর প্রকাশিত গবেষণার সংখ্যা ৩৭টি।
নিজেরসহ এলাকার মেয়েদের বাল্যবিবাহ ঠেকানোর জন্য গাজীপুরের শাহিদা আক্তার দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন।
এই সাত নারীকে নির্বাচন করার ক্ষেত্রে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।