বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় নেপথ্য ষড়যন্ত্রকারীদের বের করতে একটি কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী পর্বে আইনমন্ত্রী এ কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ অনেকের নাম বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচনায় এসেছে, এসব নেপথ্য ষড়যন্ত্রকারীদের মরণোত্তর বিচার হবে কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফৌজদারি আইনের বিধান অনুযায়ী, মৃত্যুর পরে কারও বিচার করা যায় না।
নেপথ্যে জড়িত ব্যক্তিদের বের করতে কমিশন করার প্রয়োজনীয়তা তুলে ধরে আনিসুল হক বলেন, ‘যাঁরা এর নেপথ্যে ছিলেন ইতিহাসের দাবির কারণেই কিন্তু সেটা খুঁজে বের করা দরকার। আমরা চিন্তাভাবনা করছি, তাঁদের খুঁজে বের করতে কোনো কমিশন গঠন করার কথা।’