নেপথ্যে চাঁদাবাজি নিয়ে বিরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেকের ওপর সংগঠনের একাংশের হামলার পেছনে চাঁদাবাজি নিয়ে অন্তঃকোন্দলকে অন্যতম কারণ বলে মনে করছেন দলের কেউ কেউ। দীর্ঘদিন ধরে এই অন্তঃকোন্দল চলে আসছিল।দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে মালেক গত নভেম্বরে দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আ ন ম ফরহাদুল আলম ও মহিউদ্দিন মহিকে বহিষ্কারের সুপারিশ করেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ আনা হয়। দলীয় সূত্রের ভাষ্যমতে, এ কারণে গত শুক্রবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সময় নগরের আন্দরকিল্লার কার্যালয়ে একাংশের হামলার শিকার হন মালেক। চার দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।মালেকের ওপর হামলার ঘটনায় তাঁর ছোট ভাই আবদুল মাজেদ নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ওই দুই যুগ্ম আহ্বায়কসহ নয়জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. ফারুকও রয়েছেন। মামলার সাক্ষী করা হয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগের অন্য দুই যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও সালাহউদ্দিন সাকিবকে।সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের ব্যানারে একটি অংশ চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ জন্য আহ্বায়ক মালেক দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ ও মহিউদ্দিনকে বহিষ্কার করার সুপারিশ করেন। আসলে মালেক এসবের প্রশ্রয় দিতে চাননি বলে তাঁর ওপর হামলা হয়। ফরহাদ ও মহিউদ্দিনের নেতৃত্বে এই হামলা হয়েছে।’দলীয় সূত্র জানায়, আবদুল মালেককে আহ্বায়ক এবং পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করে ২০১১ সালের এপ্রিলে দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। আবদুল মালেক প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর চাচাতো বোনের ছেলে।কমিটি গঠনের পর দক্ষিণ চট্টগ্রামের বালুমহাল ও বিভিন্ন কার্যালয় থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। দলীয় সূত্রমতে, এসব চাঁদাবাজি নিয়ে একসময় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। মালেকের পক্ষে ছিলেন দুই যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন ও নুরুল আমিন। অপর পক্ষে অবস্থান নেন তিন যুগ্ম আহ্বায়ক ফরহাদুল আলম, মহিউদ্দিন মহি ও আবু জাহেদ। তাঁদের সঙ্গে ছাত্রলীগের নেতা আবু সাদাত মো. সায়েমও এককাট্টা হন। আবু সাদাত মালেক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি।দলীয় সূত্র জানায়, এই বিরোধকে কেন্দ্র করে গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরে মিছিল বের করে ফরহাদুল আলমদের পক্ষ। এ ছাড়া ১৬ ডিসেম্বর পৃথকভাবে শহীদ মিনারে ফুল দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসব কারণে মালেকের ওপর হামলা হয়েছে।মালেকের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মামলার আসামিদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। পুলিশও এই হামলার জন্য দলের অন্তঃকোন্দলকে দায়ী করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘আশা করি, শিগগির আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব। অন্তঃকোন্দলের কারণে মালেকের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। কোন্দলের পেছনে অনেক কারণ থাকতে পারে।’মামলার আসামি তিন যুগ্ম আহ্বায়ক ফরহাদ, মহিউদ্দিন ও আবু জাহেদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে পত্রিকা কার্যালয়ে পাঠানো বিবৃতিতে দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক মালেকের ওপর হামলার ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেছেন তাঁরা। পাশাপাশি এ ঘটনার জন্য অন্য দুই যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন ও নুরুল আমিনকে দায়ী করেছেন তাঁরা।