
কুমিল্লা শহরের কোটবাড়ি এলাকায় গতকাল রোববার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) গাড়ি ভাঙচুর, পুলিশ ফাঁড়িতে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ধরন দেখে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন মনে করছেন, এ হামলার নেপথ্যে ছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে যে কায়দায় পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়াচ্ছেন, কোটবাড়িতে হামলাও হয়েছে একই কায়দায়। কোটবাড়ি ও গন্ধমতি এলাকার বিভিন্ন মেসের শিক্ষার্থীরা ছিলেন সামনের কাতারে। ওই এলাকায় জামায়াত নেতাদের মালিকানাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ডিআইও) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশকে পিটিয়ে জখম এবং ইউএনওর গাড়ি পোড়ানোর সঙ্গে জামায়াত-শিবিরের লোকজন জড়িত থাকতে পারে। পলিটেকনিক শিক্ষার্থীদের ছদ্মবেশে তারা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই সুযোগ নিতে পারে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী বলেন, হামলার সময় কমপক্ষে পাঁচ হাজার মানুষ ছিল। পলিটেকনিকের শিক্ষার্থী এত বেশি হওয়ার কথা নয়। হামলার কৌশল শিবিরের মতোই।