গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে মমতাজ উদ্দিন ও তাঁর দুই ছেলেকে হত্যার ঘটনার নেপথ্যে জরিপকারীর উসকানি ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মমতাজের ছেলে আজিজুল ইসলাম জরিপকারীর উসকানির কথা উল্লেখ করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, প্রায় ৪০ বছর আগে উপজেলার ধনপুর গ্রামের মমতাজ উদ্দিন পাশের রাথুরা গ্রামের মো. আলাউদ্দিনের বাড়ির পাশে কিছু জমি কেনেন। পরে ওই জমির সীমানা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ১৫ বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জরিপকারী লোকমান হোসেনকে দিয়ে মেপে সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু লোকমান হোসেন টাকার লোভে ওই হত্যাকাণ্ডের ১৫ দিন আগে আলাউদ্দিন ও তাঁর পরিবারের লোকজনকে বলেন, মমতাজ উদ্দিনের জমির ভেতর আলাউদ্দিনের ২০ হাত জমি রয়েছে।
চলতি বছরের ৯ এপ্রিল আলাউদ্দিনসহ মামলার অন্য আসামিরা মমতাজের জমির ২০ হাত ভেতরে গিয়ে আইল ও বেড়া দিয়ে দখল করে নেন। মমতাজ পরদিন সকালে আলাউদ্দিনের কাছে ওই জমির সীমানা পরিবর্তন এবং আইল-বেড়া দেওয়ার বিষয়টি জানতে চাইলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে আলাউদ্দিনের নির্দেশে মামলার আসামি ছাড়াও অজ্ঞাতনামা সাত-আটজন লাঠিসোঁটা নিয়ে এসে মমতাজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। এ সময় বাবাকে বাঁচাতে গেলে মমতাজের দুই ছেলে সাইজুল ইসলাম ও সাইফুল ইসলামকেও এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে মারা যান।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া বলেন, জরিপকারী লোকমানের বিরুদ্ধে এভাবে বিভিন্ন মানুষের জমি একাধিকবার মেপে আর্থিক সুবিধা নেওয়া ও বিবাদ সৃষ্টির অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার দিন রাতেই লোকমান হোসেন (৬০) ও আলাউদ্দিনকে (৭০) আটক করা হয়। মামলা হওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।