সুনামগঞ্জের দিরাই পৌরসভায় মেয়র পদে এবার প্রার্থী চারজন। আওয়ামী লীগের প্রার্থী হলেন সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া। বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক। এই দুই প্রার্থীর পেছনে আছেন নিজ দলের দুই নেতা। সাধারণ ভোটাররা মনে করছেন, নেপথ্যের লড়াইটা আসলে ওই দুই নেতার মধ্যে।
জানা গেছে, দিরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি মূলত দুই নেতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসছে। এই দুই নেতা হলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। দিরাই ও শাল্লা উপজেলায় এই দুই নেতা নিজ দলের রাজনীতি নিয়ন্ত্রণ করেন। জাতীয় নির্বাচনেও একে অপরের প্রতিদ্বন্দ্বী তাঁরা। ২০১০ সালের পৌর নির্বাচনে এখানে সুরঞ্জিত সেনগুপ্তের প্রার্থী ছিলেন লন্ডনপ্রবাসী আজিজুর রহমান। নাছির উদ্দিন চৌধুরীর প্রার্থী ছিলেন তাঁর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক। নির্বাচনে জয়ী হন আজিজুর রহমান। এবার শারীরিক অসুস্থতার কারণে আজিজুর রহমান প্রার্থী হতে না পারায় দলীয় প্রার্থী করা হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের ঘনিষ্ঠজন মোশারফ মিয়াকে। বিএনপির প্রার্থী এবারও মঈন উদ্দিন চৌধুরী।
দিরাই পৌরসভা ১৯৯৯ সালে গঠিত হয়। ছয় বর্গকিলোমিটারের এই পৌরসভায় প্রথম নির্বাচন হয় ২০০২ সালে। তখন নাছির উদ্দিন চৌধুরীর প্রার্থী আহমদ মিয়া পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় নির্বাচনে জয়ী হন সুরঞ্জিত সেনগুপ্তের প্রার্থী আজিজুর রহমান। বর্তমানে পৌরসভায় ভোটার ১৮ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৪৩৫ এবং নারী ৯ হাজার ২৩৯ জন।
পৌরসভার ভরারগাঁও গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘এখানে সব নির্বাচনে দুই নেতার প্রভাব থাকে। নির্বাচনে প্রার্থীরা থাকেন প্রকাশ্যে আর নেপথ্যের কারিগর হলেন সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরী।’
বিএনপির মেয়র পদপ্রার্থী মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘দিরাই-শাল্লার দল হিসেবে যেমন দুইটি ধারা আছে, তেমনি সব ক্ষেত্রে এই দুই নেতার প্রভাব রয়েছে। আমি সেবার ব্রত নিয়েই রাজনীতিতে এসেছি। দলের অনেক ত্যাগী নেতা আছেন। সবাই আমাকে সমর্থন দিয়েছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোশারফ মিয়া বলেন, ‘আমি নৌকার প্রার্থী। সুরঞ্জিত সেনগুপ্ত আমার রাজনৈতিক গুরু। রাজনীতির প্রাণ তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই এখানে তিনি আমাকে মেয়র পদে প্রার্থী করেছেন। নির্বাচিত হলে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করব।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ছইল মিয়া বলেন, ‘এটা ঠিক যে দিরাই-শাল্লার রাজনীতিতে এই দুই নেতার প্রভাব রয়েছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। কারণ, এটা দলীয় প্রতীকের নির্বাচন। আমরা আমাদের প্রার্থীকে জয়ী করতে মাঠে কাজ করে যাচ্ছি।’
দিরাই পৌরসভায় মেয়র পদে অন্য দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির রফিকুল ইসলাম ও জাসদের মোজাম্মিল হক।