বায়েজিদে আ.লীগের দুই পক্ষে নিয়মিত সংঘর্ষ
নেপথ্যে পাহাড়ি জায়গা দখল, আর শিল্পাঞ্চলে চাঁদাবাজি!
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। পাহাড়ি জায়গা দখল-বেদখল এবং নাসিরাবাদ শিল্পাঞ্চলে চাঁদাবাজির ভাগ-বাঁটোয়া নিয়ে বিবাদ লেগে থাকার কারণ বলে মনে করছে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়রা জানায়, সংঘর্ষে একটি পক্ষের নেতৃত্ব দেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস এবং আরেকটি পক্ষে আরব আমিরাতের আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম। উভয় নেতার অধীনে শতাধিক ক্যাডার রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বায়েজিদ থানাধীন পাহাড়ি এলাকার জায়গা দখল-বেদখল নিয়ে তাঁদের মধ্যে বিবাদ লেগে আছে। এ ছাড়া বায়েজিদ থানাধীন নাসিরাবাদ শিল্পাঞ্চলে চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় প্রতিদিন গুলির শব্দ শোনা যায়। এক পক্ষ আরেক পক্ষকে ভয় দেখাতে কিংবা বিতর্কিত জায়গা দখল করার সময় অস্ত্র ব্যবহার করা হয়। কেউ প্রতিরোধ করতে গেলে এলাকায় সংঘর্ষ বেধে যায়।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘বায়েজিদ এলাকায় নিয়মিত গুলির শব্দ শোনা যায়। সংগঠনের ব্যানার ব্যবহার করে কিছু সন্ত্রাসী সেখানে জায়গা দখল এবং চাঁদাবাজি করে আসছে। ওরা কীভাবে সংগঠনে জায়গা পেয়েছে সেটা আমাদের প্রশ্ন।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আবদুল কুদ্দুস ও প্রবাসী এস এম শফিকুল ইসলাম পক্ষের ক্যাডারদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হয়। বিতর্কিত জায়গা বেদখল এবং চাঁদাবাজি এর মূল কারণ বলে আমরা জানতে পেরেছি। অভিযোগ পাওয়া সাপেক্ষে আমরা অভিযানও চালাচ্ছি। একদিন তো একসঙ্গে ২৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি।’
অভিযোগ প্রসঙ্গে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদে জড়াই না। জমির দালালরা নিজেদের স্বার্থে সন্ত্রাসীদের ব্যবহার করে। এর দায় আমরা কেন নেব?’
খোঁজ নিয়ে জানা যায়, আরব আমিরাতের আওয়ামী লীগ নেতা এস এম শফিকুল ইসলাম এখন দেশে নেই। তাঁর ছোট ভাই এস এম ইিলয়াস মাস খানেক আগে দুবাই থেকে দেশে আসার পর বায়েজিদ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি আরব আমিরাত যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
এস এম ইলিয়াস বলেন, ‘আমাদের সঙ্গে সংগঠনের কারোর বিবাদ নেই। তবে জামালখান এলাকার জমির এক দালাল আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে আসছে। কারণ, পাহাড়ি এলাকার জায়গা দখল-বেদখল করা ওই দালালের কাজ। তাঁর কারণেই বায়েজিদ এলাকা অশান্ত।’