নেপথ্যে বর্তমান ও সাবেক সাংসদের দ্বন্দ্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে এবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ হচ্ছে না। আজ শুক্রবার এ নৌকাবাইচ হওয়ার কথা ছিল।
আয়োজক সংগঠনের অভিযোগ, সময়মতো প্রশাসনিক সহায়তা না পাওয়ায় এ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামের দাবি, আয়োজকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ বছর নৌকাবাইচ করা সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নৌকাবাইচ না হওয়ার নেপথ্যে রয়েছে স্থানীয় স্বতন্ত্র সাংসদ মজিবর রহমান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সাংসদ কাজী জাফরউল্যার দ্বন্দ্ব।
উপজেলা প্রশাসন ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শতবর্ষ ধরে ভাঙ্গায় বিশ্বকর্মা পূজার দিন এ নৌকাবাইচের আয়োজন করা হচ্ছে। আগে বাজার বণিক সমিতি এর আয়োজন করত। ২০০২ সাল থেকে পৌরসভা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ বাইচ হচ্ছে। এবার উপজেলা পূজা উদ্যাপন কমিটিকে এর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মালো গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আয়োজনের দায়িত্ব পেয়ে আট দিন আগে উপজেলা পরিষদ মিলনায়তনে বাইচ আয়োজনের জন্য এক সভা আহ্বান করা হয়। ওই সভায় ভাঙ্গার বর্তমান সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী ও সাবেক সাংসদ কাজী জাফরউল্যার সঙ্গে এ বিষয়ে সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়। আমরা সাংসদ মজিবুর রহমানের সঙ্গে কথা বলতে পারলেও কাজী জাফরউল্যা ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলতে পারিনি। পরে সাংসদের নির্দেশে গত মঙ্গলবার জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে এর জন্য অনুমতি চাইলেও তিনি অনুমতি দেননি। যদিও পরের দিন বুধবার জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাইচ আয়োজনের অনুমতি দেন। অনুমতি পাওয়ার পর ওই দিন সন্ধ্যায় উপজেলা কর্মকর্তার কার্যালয়ে বাইচ আয়োজনের উদ্যোগের কথা বললে সময়ের স্বল্পতার কথা বলে ওসি নাজমুল সহায়তা করতে অপারগতা প্রকাশ করেন। ফলে বাধ্য হয়ে এ আয়োজন বন্ধ করে দিতে হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, ওসি নাজমুল নদের কচুরিপানা পরিষ্কার করা, নদ থেকে মাছ ধরার ফাঁদ অপসারণ করা ও প্রয়োজনীয় (২০০) পুলিশ অল্প সময়ে জোগাড় করা সম্ভব নয় বলে জানালে এ আয়োজন বন্ধ করে দিতে হয়। তবে এ বাইচ না হওয়ার পেছনে বর্তমান ও সাবেক দুই সাংসদের দ্বন্দ্বের বিষয়টি উপেক্ষা করা যায় না।
তবে ওসি নাজমুল বলেন, কে প্রধান অতিথি হবেন, কে বিশেষ অতিথি হবেন, কমিটির মধ্যেও দ্বন্দ্ব এবং মতপার্থক্যের জন্য এ নৌকাবাইচ হচ্ছে না। মূলত আয়োজকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ বাইচ সম্ভব হয়নি।