নেপথ্যে সংলাপে মুগ্ধ করার সত্তর বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে কেউ নেই। নেপথ্য থেকে ভেসে আসছে নাটকের সংলাপ। কেবল কণ্ঠের কারুকাজেই তন্ময় হয়ে আছেন মিলনায়তনভর্তি শ্রোতা। এই সংলাপ তাঁদের অনেককেই ফিরিয়ে নিয়ে গিয়েছিল দূর অতীতের স্মৃতিতে। দৃশ্যটি গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনের। ঢাকা বেতার নাটকের ৭০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন এভাবেই শুরু করেছিল বেতার নাটকের নাট্যকার-নাট্যশিল্পী সংসদ ‘বেনানাশিস’। এমন একটা সময় ছিল যখন টিভি তো ছিলই না, মঞ্চনাটক দেখার সুযোগও ছিল অপর্যাপ্ত। অগণিত শ্রোতা কেবল বেতারের নাটকের মাধ্যমেই নাটকের রসাস্বাদন তথা চিত্তবিনোদন উপভোগ করতেন। বেতারের নাট্যকর্মীরাও নিজেদের শ্রম-মেধা ও আন্তরিকতা দিয়ে মুগ্ধ করে রাখতেন শ্রোতাদের। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর বুদ্ধদেব বসুর লেখা এবং সুদেব বোস প্রযোজিত প্রথম পূর্ণাঙ্গ বেতার নাটক কাঠ ঠোকরা প্রচারের মধ্য দিয়ে এ দেশের আকাশ-সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বেতার নাটক সম্প্রচারের গৌরবময় ৭০ বছর পূর্ণ হয়েছে ২০০৯ সালে। সে উপলক্ষেই এই আয়োজন। প্রয়াত বেতার নাট্যকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। এরপর মাজহারুল ইসলামের নির্দেশনা ও পরিচালনায় প্রামাণ্য অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব প্রদর্শিত হয়। বক্তব্য দেন বেনানাশিসের মহাসচিব কাজী জাকির হাসান। এর পরই ছিল ‘বিবর্তনের ধারায় বেতার নাটক’। কণ্ঠ ভেসে আসে বেতার নাটকের ইতিহাস আর ১৯৪০ সালে ঢাকা বেতারের প্রথম বর্ষপূর্তিতে প্রচারিত অভিনেতা প্রমথেশ বড়ুয়া ও তাঁর দলের নাটক শরত্চন্দ্রের দেবদাস-এর অংশবিশেষ। পারু, দেবুদা আর চন্দ্রাবতীর কথার ভিড়ে হারিয়ে যান সবাই। শ্রোতাদের মনের পর্দায় যেন ভেসে ওঠে সেই বিষাদময় প্রেমের দৃশ্যাবলি। ঘোষিকা স্মৃতিচারণা করে বলছেন, ‘ঠিক এই নাটকটি দেখতে দেখতে স্বয়ং শরত্চন্দ্র চট্টোপাধ্যায় দুচোখ মুছতে মুছতে প্রমথেশ বড়ুয়াকে বলেছিলেন, “আমার দেবদাসের এমন জীবন্ত রূপ দিবে জানলে দেবদাসকে কখনোই মারতাম না আমি”।’এরপর বেতার নাটকের ১৬ জন নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন—ইসলাম আহমেদ, আমিনুল হক, সিরাজুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, মাসুদ আলী খান, আবুল বজল, আতিকুল হক চৌধুরী, লিলি চৌধুরী, রানী সরকার, খাদিজা জামান, জাহানারা আহমেদ, বেগম মমতাজ হোসেন, কাজী মাহমুদুর রহমান, মাজহারুল ইসলাম, রাইসুল ইসলাম আসাদ ও নূর-ই-হাফজা। এদের মধ্যে কেউ নিজে এসেছেন আবার কেউ বেঁচে নেই বলে তাঁর উত্তরাধিকারেরা এসেছিলেন সংবর্ধনায়।সংবর্ধনা পর্ব শেষে নূর-ই-হাফজা মঞ্চস্থ করেন রক্তকরবী নাটকের অংশবিশেষ। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানের সঙ্গে নৃত্য এবং বাউলশিল্পীরা ‘বুকের পাঁজর ঝাঁঝরা করে’ গানটি পরিবেশন করেন। সবশেষে ছিল বেতার নাট্যকার-নাট্যশিল্পী সাংসদের সভাপতি আলেয়া ফেরদৌসীর বক্তব্য। বাংলাদেশ বেতারের নাটকের এই ৭০ বছর পূর্তির পুরো আয়োজনে যাঁরা এসেছিলেন, তাঁরা সবাই পরস্পরের সঙ্গে কুশলবিনিময় আর পুরোনো দিনের স্মৃতিচারণায় যেমন মতেছিলেন, তেমনি নিজেদের ক্ষোভের কথাও প্রকাশ করেছেন। বলেছেন, বেতারের নাট্যশিল্পীদের নিয়ে কেউ ভাবে না। যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের সম্মানে কোনো কিছু হয় না—এমন নানা বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। জীবনভর এই শিল্পীরা তরঙ্গে ভাসিয়ে দিয়েছেন নিজেদের কথা ও আবেগ অথচ নিজেরা আজীবন রয়ে গেলেন নেপথ্যে। শিশুদের ছবি নিয়ে প্রদর্শনী ‘শিশুরাই সুন্দর’শিশুরা পুরস্কার পেল। তারা মহা খুশি। গতকাল ধানমন্ডির দৃক গ্যালারি মুখর করে রেখেছিল তারা। এখানে ছিল ৩৫ জন শিশু আঁকিয়ের ৭৫টি ছবি নিয়ে ‘শিশুরাই সুন্দর’ নামে চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী। দৃক গ্যালারিতে শিল্পী আবু সেলিমের আয়োজনে ছয় থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। সুন্দর ছবি আঁকতে শিশু-কিশোরদের উৎসাহ দেন অধ্যাপক আবুল বারকাত ও চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।অনুষ্ঠানে বক্তারা বলেন, আঁকিবুঁকির মাধ্যমে শিশুদের মন সৃষ্টির আনন্দে ভরে ওঠে। তাদের সৃজনকল্পনা বৃদ্ধি পায়। ব্যতিক্রম এ প্রদর্শনীর আয়োজক শিল্পী আবু সেলিম জানান, ১৯৯৯ সাল থেকে তিনি শিশুদের এই প্রদর্শনীর আয়োজন করে আসছেন। শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে একই শিরোনামে এটি অষ্টম প্রদর্শনী।গ্রাম, নদী, পাখি, বাংলাদেশের জাতীয় পতাকা, ঘরবাড়ি, মানুষ, মুক্তিযুদ্ধ—এসব নানান বিষয় নিয়ে ছবি এঁকেছে খুদে শিল্পীরা। তাদের তুলিতে ফুটে উঠেছে বাংলাদেশের নিসর্গ। সবার ছবিই সুন্দর। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা শিল্পীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।নববর্ষ উপলক্ষ করে দূরবীনের নতুন গানের অ্যালবাম বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক দল। শিল্পীরা নতুন গানের অ্যালবামের কাজও করেছেন। এমনি একটি অ্যালবাম প্রকাশ হলো গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। ব্যান্ডদল দূরবীনের এই অ্যালবামের নাম দূরবীন ৩.০১। এটি তাদের তৃতীয় অ্যালবাম। অনুষ্ঠানে দূরবীন ব্যান্ড আয়োজিত ‘রকার্স হান্ট’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূরবীনের নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অবসকিউর ব্যান্ডের টিপু ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। মোড়ক উন্মোচনের পর ছিল আকর্ষণীয় আতশবাজি।এক ঘণ্টার নাটকের উৎসবএক ঘণ্টার নাটক নিয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গতকাল থেকে শুরু হয়েছে সাত দিনের ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’। এতে বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত ২১টি এক ঘণ্টার নাটক দেখানো হবে। উৎসব চলবে ৯ এপ্রিল পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, নাট্যকার মামুনুর রশীদ, গাজী রাকায়েত প্রমুখ।তিমির নন্দীর সংগীতের আসরস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দীর একক সংগীতের আসর বসেছিল গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। আমরা সূর্যমুখীর আয়োজনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠানে শিল্পী তিমির নন্দী রবীন্দ্র-নজরুলসংগীত ছাড়াও ‘শোনো একটি মুজিবরের থেকে’, ‘দুয়ারে আইসাছে পালকী’, ‘ও গো চাঁদ কোথায় পেয়েছ’, ‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘কফি হাউজের সেই আড্ডাটা’ প্রভৃতি গান গেয়ে শোনান।