‘আমার নিষ্পাপ ছেলেটিকে এভাবে হত্যা করা হলো। আমি রাজনৈতিক দলের ক্ষুদ্র এক কর্মী। আমার দল ক্ষমতায়। আর আমার ছেলে মারা যায়।’
প্রথম আলোকে আক্ষেপ করে গত বৃহস্পতিবার কথাগুলো বলছিলেন গুলিতে নিহত বস্ত্র প্রকৌশলী সাদবীন হোসেনের বাবা ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শওকত হোসেন।
গত সোমবার রাতে রাজধানীর কলাবাগানে ল্যাবএইড হাসপাতালের পাশে দুর্বৃত্তরা গুলি করে সাদবীনকে হত্যা করে। এ ঘটনায় সাদবীনের খালু চিকিৎসক শহীদুল আলম খান বাদী হয়ে নাজিম জাহাঙ্গীর নামের এক চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত মঙ্গলবার রাতে রমনা এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয় কলাবাগান থানার পুলিশ।
মামলার এজাহারে শহীদুল অভিযোগ করেন, নাজিম তাঁর কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। তাঁকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এ ব্যাপারে ২০১১ সাল থেকে নাজিমের বিরুদ্ধে তিনি তিনটি মামলা করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালত নাজিমকে কারাগারে পাঠান। কিন্তু জামিনে বেরিয়ে আসার পর একই আচরণ শুরু করেন নাজিম। সর্বশেষ গত সোমবার রাতে তাঁর ধানমন্ডির বাসার সামনে রুপালি রঙের একটি প্রাইভেট গাড়িতে করে নাজিম ও তাঁর সহযোগীরা গিয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। মামলা তুলে না নিলে তাঁকে (শহীদুল) ও তাঁর আত্মীয়স্বজনকে হত্যা করা হবে বলে হুমকি দিতে থাকেন। এমন হুমকি-ধমকি দিতে থাকলে তিনি ধানমন্ডি থানায় ফোন করেন। পুলিশ আসার আগেই চলে যান নাজিম ও তাঁর সহযোগীরা। কিন্তু খবর পেয়ে বাসার সামনে যান সাদবীন। ঘটনা শুনে ফেরার পথে তিনি ল্যাবএইডের পাশে দাঁড়ালে রুপালি রঙের প্রাইভেট কারে কয়েকজন যুবক তাঁকে গুলি করে পালিয়ে যায়।
সাদবীনের স্বজনেরা জানান, শহীদুলের বাসার সামনে নাজিম রুপালি রঙের প্রাইভেট কারে করেই হুমকি দিতে এসেছিলেন। আর সাদবীনের হত্যাকারীরাও রুপালি রঙের প্রাইভেট কার ব্যবহার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহীদুলের বাসার সামনে গিয়ে হুমকির কথা স্বীকার করেছেন নাজিম। তবে হত্যার প্রসঙ্গটি তিনি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। অচিরেই তাঁর কাছ থেকে হত্যা-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাদবীনের বাবা শওকত হোসেন বলেন, শুধু চাঁদা দাবির অভিযোগ নয়, নাজিমের বিরুদ্ধে নারী উত্ত্যক্তেরও অভিযোগ আছে। তাঁদের আত্মীয় ঢাকা মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করতেন নাজিম। নাজিমের উৎপাতে একপর্যায়ে ওই চিকিৎসক চাকরিও ছেড়ে দেন। কিন্তু নাজিম থামেননি। এরপর ওই পরিবারটির বিরুদ্ধে উঠেপড়ে লাগেন।
কয়েকজন চিকিৎসক জানান, নাজিমের সরকারি চাকরিও চলে গেছে। জেলও খেটেছেন। চিকিৎসক হলেও তিনি নেশাখোর, সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে চলাফেরা করেন।