প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের স্যাপ্ট-কোসি হাই ড্যাম থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তাব দিয়েছেন। এ বাঁধটি বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে ১১০ কিলোমিটার দূরে নেপালে নির্মিত হবে।গতকাল শুক্রবার আদ্দুতে সমাপ্ত ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে সাংগিরি-লা অবকাশযাপন কেন্দ্রে নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা এ প্রস্তাব দেন। খবর বাসসের।বৈঠকে প্রধানমন্ত্রী নেপালের সঙ্গে জলবিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্য ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়ে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য নেপালের সঙ্গে যৌথ উদ্যোগ বা সমতার ভিত্তিতে বণ্টন বা সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে প্রকল্প নির্মাণের প্রস্তাব দেন।উভয় প্রধানমন্ত্রী উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে দ্রুত জলবিদ্যুৎ ও জলাধার নির্মাণ প্রকল্প গ্রহণে একমত পোষণ করেন।শেখ হাসিনা বলেন, শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নেপালে বাংলাদেশ, ভারত ও নেপাল যৌথ জলাধার নির্মাণ করতে পারে। এ তিন দেশের ৬৮ হাজার ৬০০ কিউসেক পানিপ্রবাহ বৃদ্ধির সম্ভাবনাময় স্যাপ্ট-কোসি বাঁধ নির্মাণ করা প্রয়োজন।শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই নেতার বৈঠককালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন: প্রধানমন্ত্রী আজ শনিবার দেশের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভাড়া করা ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় গান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।মালেতে বাংলাদেশি ব্যাংকের শাখা: প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক শাখা খোলা হবে। গতকাল বিকেলে আদ্দু শহরে রাস্তার পাশে স্থাপিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি উন্মোচনকালে প্রধানমন্ত্রী সমবেত বাংলাদেশিদের উদ্দেশে এ কথা বলেন। সার্ক শীর্ষ সম্মেলনের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আদ্দু সিটির মেয়র আবদুল্লাহ সাদিগ যৌথভাবে নয় ফুট উঁচু ও চার ফুট প্রস্থের জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি উন্মোচন করেন।