নেপালি ইগল রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিপন্ন ও বিরল প্রজাতির একটি নেপালি ইগল উদ্ধার করেছে। ইগলটির ডানার ডান পাশে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নীলফামারী থেকে উদ্ধারের পর গতকাল বুধবার পাখিটিকে রাজশাহী বন বিভাগে আনা হয়েছে। বর্তমানে এখানেই চিকিত্সাধীন রয়েছে।
বন বিভাগ থেকে জানা গেছে, ১ জানুয়ারি নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামের মাঠে গ্রামবাসী ইগলটির সন্ধান পান। এ সময় কাকের দল ইগলটিকে ঘিরে আক্রমণ করে। গ্রামবাসীর সহায়তায় নীলফামারী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা আবদুল মজিদ সহকর্মীদের নিয়ে ইগলটি উদ্ধার করেন। তিনি পাখিটিকে সেখানেই প্রাথমিক চিকিত্সা দিয়ে খাওয়ানোর চেষ্টা করান।
প্রাথমিক অবস্থায় ইগলটি খুবই অসুস্থ ছিল। পরে পাখিটির শারীরিক অবস্থার একটু উন্নতি হলে গতকাল রাজশাহীতে নিয়ে আসা হয়।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, আফ্রিকা, আরব, সাইবেরিয়া, নেপাল, মধ্য ও দক্ষিণ এশিয়ায় একসময়ে প্রচুর পরিমাণে এ প্রজাতির ইগল বসবাস করলেও বর্তমানে এর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইগল, শকুন, চিল, বাজ, প্যাঁচাসহ বৃহদাকার শিকারি ও মাংসাশী পাখি প্রজাতির এসব প্রাণীর খাদ্যাভাব, বাসা তৈরি, বসবাস ও প্রজননের জন্য প্রয়োজনীয় উঁচু ও পুরাতন বৃক্ষ নিধন, বন উজাড়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা হয়েছে। এ কারণে এসব পাখির ও প্রাণীদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এতে এরা বিরল প্রজাতির তালিকায় স্থান পেয়েছে।
রেজাউল করিম বলেন, পাখিটি সুস্থ হলে কোনো পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে অবমুক্ত করা হবে।