নেপালে আন্তর্দেশীয় পরিবেশবান্ধব যাতায়াত সম্মেলন অনুষ্ঠিত
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্দেশীয় পরিবেশবান্ধব যাতায়াত’ শীর্ষক সম্মেলন। গত বৃহস্পতিবার এশীয় অঞ্চলের এ সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি গত বুধবার নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার ওপরে নবম এ আন্তর্দেশীয় সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী যানবাহন প্রবর্তন এবং পরিবেশবান্ধব নগরী, নিরাপদ সড়ক, পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা ও টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপরে উপস্থাপনা প্রদর্শন, বিশদ আলোচনায় অংশগ্রহণ ও মতামত প্রকাশ করেন।
সম্মেলনে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নেয়। সম্মেলনে উপমন্ত্রী আন্তর্দেশীয় পরিবেশবান্ধব যাতায়াতের ওপর দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।