নেপালে গ্লোবাল ইয়ুথে বাংলাদেশকে তুলে ধরলেন রিকি

সার্কভুক্ত হিমালয়ের দেশ নেপাল। হিমালয়-কন্যা নামে খ্যাত নেপালে সুযোগ হয়েছিল বাংলাদেশের একজন প্রতিনিধি হয়ে ‘গ্লোবাল ইয়ুথ ফ্লাস ২০১৯’-এ অংশগ্রহণ করার। গ্লোবাল ইয়ুথ ফ্লাস অনুষ্ঠিত হয়েছিল নেপালের পোখারা শহরে, ১৬-১৮ ডিসেম্বর।
এটা গ্লোবাল ইয়ুথ ফ্লাস অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অনুষ্ঠান ছিল। গান্ধকী প্রদেশের স্পিকার নরেন্দ্রনাথ অধিকারী, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোখারা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান কিসান সানোয়ার।

তিন দিনব্যাপী কনফারেন্সে প্রথম দিন ছিল উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সেখানে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ‘ও ধান ভানি রে’ গানে, নাচের ছন্দে, বাংলার কিষান-কিষানি, ঐতিহ্যবাহী কুলা ও গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরেছিলাম নেপালের সামনে।

রাতের থামেল, রাস্তায় লাল-নীল সাদা নিশান, রাস্তার ওপর হালকা লাইটের নিয়ন আলো, সবুজের হাতছানি, প্রাচীন হ্রদ, জলপ্রপাতের কলকলধ্বনি, ঐতিহাসিক মন্দির, স্বচ্ছ হ্রদ, সারি সারি সবুজ ভ্যালি, বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র, পাহাড়, পুরো রাস্তায় এশিয়ান ইউরোপীয় নারী-পুরুষ পর্যটকদের মাতাল ভিড় বেতাল করে তুলবে যে কাউকে। আমি পেয়েছি দেশ-বিদেশের অসাধারণ কিছু বন্ধুবান্ধব। অভিজ্ঞতার ঝুড়িতে সারা জীবন অমলিন হয়ে থাকবে বাংলার পরিচয়কে ধারণ করে ভিন দেশে কাটানো চমৎকার দিনগুলো।
নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান ও ভারতের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।