নেপালে নিহত নজরুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা উড়োজাহাজের যাত্রী ছিলেন নজরুল ইসলাম। ওই ঘটনায় তাঁর স্ত্রী আক্তারা বেগমও নিহত হন। শুরুতে শনাক্ত করতে না পারায় স্ত্রীর লাশ আগে এলেও তাঁর লাশ নেপাল থেকে দেরিতে এসে পৌঁছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাঁর লাশ শনাক্ত করা হয়। আজ রাজশাহীতে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে।
নজরুল ইসলামের জানাজা শুরুর আগে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিহাব রায়হান, মুক্তিযোদ্ধা আশরাফুল হক, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, নিহত নজরুল ইসলামের ভাই মনিরুল ইসলাম প্রমুখ।
জানাজা শেষে তাঁকে রাজশাহীর উপশহরের বাসায় নিয়ে যাওয়া হয়। রাজশাহীতে স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
নিহত নজরুলের বড় মেয়ে নাজনীন আক্তার প্রথম আলোকে বলেন, মায়ের পাশেই বাবাকে কবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ মার্চ স্ত্রী আক্তারা বেগমকে (৬৩) নিয়ে প্রথমবারের মতো নেপালে বেড়াতে গিয়ে যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৬৫)। তিনি বেগুনবাড়ি গ্রামের স্কুলশিক্ষক মৃত আবদুর রহিমের ছেলে।
একই উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটীর মৃত আবদুর রকিবের মেয়ে বিলকিস বেগম (৬২) ও তাঁর স্বামী ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পঞ্চগড় জেলার মির্জাপুর গ্রামের হাসান ইমাম (৬৫)। তিনি একসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সচিব ছিলেন।